পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক না পেয়ে অবশেষে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছেন গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজবাড়ি ইউনিয়নের মো. ইউসুফ আলী শেখ।
বুধবার (৮ ডিসেম্বর) মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন তিনি। ইউসুফ আলী শেখ রাজাবাড়ি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৃত মফিজ উদ্দিন শেখের ছেলে। তিনি রাজাবাড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী। মনোনয়ন দাখিল দিতে আসা কর্মী সমর্থকেরা জানান, ইউসুফ আলী শেখ বেশ কয়েক বছর ধরেই চেয়ারম্যান প্রার্থী হিসেবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে ভোটারদের কাছে নিজেকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার করে আসছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি ব্যানার ফেস্টুনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রচার চালান। তিনি আশা করেছিলেন এবার নৌকার মনোনয়ন পাবেন। কিন্তু দল থেকে নৌকার প্রার্থী করা হয়েছে হাসিনা মমতাজকে। পরে তিনি সিদ্ধান্ত নেন মেম্বার প্রার্থী হবেন। ভোটার সমর্থকদের চাপে তিনি মেম্বার প্রার্থী হয়েছেন।
এ বিষয়ে মেম্বার প্রার্থী ইউসুফ আলী শেখ বলেন, দলের একজন কর্মী হিসেবে নৌকা প্রতীক আশা করেছিলাম। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নৌকা প্রতীক অন্যজনকে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের একজন কর্মী হয়ে মাঠে ছিলাম, ভবিষ্যতেও মাঠে কাজ করবো। জনপ্রতিনিধি হয়ে জনসেবা করতে চাই। কিন্তু ৮নং ওয়ার্ডবাসী আমাকে তাদের প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে প্রত্যাশা করে আসছেন। তাই আসন্ন নির্বাচনে মেম্বার পদে নির্বাচনে অংশ নিচ্ছি। জনগণ সুযোগ দিলে তাদের সেবা করবো। বড় পদ বা ছোট পদ দিয়ে জনসেবা মাপা যায় না। জনগণের সেবা করার মানসিক প্রত্যয় থাকতে হবে। তাই অন্য কোনো চিন্তা না করে মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখন জনগণ তাদের ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে।